৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: ইত্তেফাক রিপোর্ট | শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১২, ২১ মাঘ ১৪১৮
তৈরি পোশাক উত্পাদক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, এই শিল্পে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে, যেকোনো মুহূর্তে তা বিস্ফোরিত হতে পারে। গতকাল বৃহস্পতিবার তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ আশংকার কথা জানান তিনি। বিজিএমই, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফেকচারার্স এসোসিয়েশন (বিটিএমএ) যৌথভাবে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি এ খাতের চলমান সংকট তুলে ধরে দীর্ঘদিনেও তা সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পোশাক খাতকে নিয়ে নানা অপতত্পরতা চলছে- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা যখন বুঝতে পারছি না যে, বিশ্ব অর্থনীতির এই সংকট কতটা প্রকট ও প্রলম্বিত হতে পারে এবং যে সময় আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো তাদের অস্তিত্ব রক্ষায় ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এ শিল্পের বিকাশ রুখতে তত্পর হয়ে উঠেছে।’ এ স্বার্থান্বেষী মহল কারা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর বিজিএমইএ সভাপতি পরিষ্কার না করলেও এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন বিভাগের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষত অব্যাহত গ্যাস সংকটের জন্য পেট্রোবাংলার প্রতি অভিযোগের আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, ‘পেট্রোবাংলার কাজে আমরা অখুশি। গ্যাসের প্রেসার বৃদ্ধির জন্য সংযোগ লাইনে বুস্টার কমপ্রেসার স্থাপন করলে গ্যাসের অধিক প্রেসার পাওয়া যেত; কিন্তু পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সিদ্ধান্তহীনতায় এ শিল্প আজ হুমকির মুখে। আমাদের পরিষ্কার করা দরকার- কারা বাধা দিচ্ছে, কেন হতে দিচ্ছে না।’
তিনি বলেন, সরকার কলকারখানা চালাবে না সার কারখানা? আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার, সরকার সার আমদানি করবে না শিল্প-কারখানা বন্ধ রাখবে? সার আমদানি ও উত্পাদন খরচ একই। এজন্য উত্পাদন না করে সার আমদানির মাধ্যমে গ্যাস বাঁচিয়ে শিল্প-কারখানাকে বাঁচিয়ে রাখার দাবি জানান তিনি। এছাড়া বর্তমানে গ্যাসের চাপ কম থাকা সত্ত্বেও একই বিল দিতে হচ্ছে অভিযোগ করে এই সমস্যা নিরসনে বিটিএমই সভাপতি জাহাঙ্গীর আলামিন এক্ষেত্রে ইলেক্ট্রনিক ভলিউম কন্ট্রোল (ইভিসি) চালুর দাবি জানান।
বিজিএমইএ সভাপতি পরিসংখ্যান দিয়ে বলেন, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রফতানি কমেছে দুই হাজার ১৭৫ কোটি টাকা। বৈশ্বিক অর্থনীতিতে মন্থরতার সম্ভাবনা আমাদের রফতানি ও রেমিট্যান্স প্রবাহ দুর্বল করতে পারে। এছাড়া ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, আমদানি ব্যয় বৃদ্ধি, ব্যালেন্স অব পেমেন্টে চাপ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে অর্থনীতি চাপের মুখে রয়েছে বলে মনে করেন তিনি।
সফিউল ইসলাম মহিউদ্দিন ব্যাংকের উচ্চ সুদের হার, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন চার্জ অস্বাভাবিক হারে বাড়ানো, বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন বা চালু রাখার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মাত্রাতিরিক্ত কড়াকড়ির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ব্যাংকের উচ্চ মাত্রার সুদের হারে উদ্বেগ প্রকাশ করে এজন্য ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেয়াকে দায়ী করেছেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বীমা প্রিমিয়ামের বিশেষ হার বাতিল করে পূর্বের হারে প্রিমিয়াম চালুর দাবি জানান তিনি। তিনি বলেন, দেশে ভারতের চেয়েও বেশি বীমা প্রতিষ্ঠান রয়েছে। অনেক রুগ্ন বীমা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য আইডিআরএ এ সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দরে এফসিএল কন্টেইনার ডেলিভারির চার্জ ২শ শতাংশের অধিক বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া ইটিপি চালু করতে না পারা কিংবা সামান্য দেরির কারণে অস্বাভাবিক হারে জরিমানা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ৩ কোটি টাকা জরিমানা করে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা যেত তাহলে তত্ত্বাবধায়ক সরকার হতো সর্বোত্তম পথ। লঘু পাপে গুরু দণ্ড দিয়ে এই আইন কার্যকর করা যাবে না। এ প্রসঙ্গে বিকেএমইএ-এর সহ-সভাপতি মো. হাতেম বলেন, যুগ যুগ ধরে জরিমানা করলেও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ছাড়া ইটিপি কখনোই কার্যকর হবে না।
সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ-এর সহ-সভাপতি আসলাম সানি প্রমুখ।
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।