৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: সাইদুর রহমান | মঙ্গল, ২২ নভেম্বর ২০১১, ৮ অগ্রহায়ণ ১৪১৮
++জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট
++সবকেন্দ্রে ইভিএম
নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের তফসিল আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। সব ঠিক থাকলেও আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ নির্বাচনের ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হচ্ছে।
কমিশনের এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, সীমানা নির্ধারণ নিয়ে একটি জটিলতা ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার সংশোধিত গেজেটও প্রকাশিত হয়েছে। ভোটার তালিকাও চূড়ান্ত। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে।
নির্বাচনে সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনাবাহিনী মোতায়েন করার বিষয়ে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। তবে এ নির্বাচনে পর্যাপ্ত র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। গত ৬ জুলাই স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ১০ জুলাই এ সিটির গেজেট জারি করা হয়। সিটি করপোরেশন নির্বাচন আইনের ৩৪ ধারা অনুযায়ী সিটি করপোরেশন গঠনের পরবর্তী ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে হবে। এ হিসাবে আগামী ৫ জানুয়ারির মধ্যে এ সিটির নির্বাচন সম্পন্ন করতে হবে। সিটি করপোরেশন গঠনের পর ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের দুটি এলাকা নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয়ার পর গেজেট সংশোধন করা হয়েছে। নবগঠিত কুমিল্লা সিটির মোট সংরক্ষিত নয়টিসহ মোট ওয়ার্ড সংখ্যা ২৭টি। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। পুরুষের চেয়ে মহিলা ভোটার সংখ্যাই বেশি। মহিলা ভোটার সংখ্যা ৮৬ হাজার ৭৪ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ৮৩ হাজার ১৯৯ জন। এছাড়া ভোটকেন্দ্র ৬৫টি এবং ভোটকক্ষ রয়েছে ৪২১টি। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ১ জন রিটার্নিং অফিসার ও ৯ জন সহকারী রিটার্নিং অফিসার রাখা হচ্ছে। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেনকে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
কমিশনসূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারের কাছে সেনাবাহিনী চেয়ে না পাওয়ায় অনেকটা ক্ষুব্ধ বর্তমান কমিশন। এ বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে একটি চিঠিও দেয়া হয়েছে। চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। চিঠির জবাব পাওয়ার পর এবং কুমিল্লা সিটির সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। তবে আপাতত সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়ে রেখেছে তারা। এবার মনোনয়নপত্র গ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে ৫০০ টাকার বিনিময়ে ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে হচ্ছে।
এদিকে তফসিল ঘোষণার জন্য সিটি করপোরেশন এলাকার ওয়ার্ডভিত্তিক ছবিসহ ও ছবি ছাড়া ভোটার তালিকার চূড়ান্ত প্রতিবেদন গতকাল সোমবার সকাল ১০টার মধ্যে কমিশনে পাঠায় জেলা নির্বাচন অফিসার। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কমিশনের তৃতীয়তলার কনফারেন্স কক্ষে দীর্ঘ বৈঠকে বসেন। তবে আগামী ডিসেম্বর এ নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে ব্যাংক বন্ধ, ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহে বিলম্ব, তাছাড়া আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন গ্রহণের সময়সীমা থাকায় তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করতে চায়নি কমিশন। বৈঠকে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমান ইসির মেয়াদে এটি সিটি করপোরেশনের শেষ নির্বাচন। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে।
আফজল খানকে আওয়ামী
লীগের সমর্থন
কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি লুত্ফর রহমান জানান, আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য হাফডজন প্রার্থীর মধ্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান দলীয় সমর্থন লাভ করেছেন। বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা দলের কেন্দ্রীয় সমর্থন পাওয়ার খবর রবিবার রাতে কুমিল্লায় ছড়িয়ে পড়লে মহানগরীর বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়ে। তারা ওই রাতেই মোটর সাইকেল শোভাযাত্রা বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গতকাল সোমবার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা আনন্দ-উল্লাস করে নগরীর বিভিন্ন এলাকায় আফজল খানের পক্ষে সালাম পৌঁছে দেয়।
জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ
কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসাবে মহানগরী আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কাজী দ্বীন মোহাম্মদকে চূড়ান্ত করেছে দলের হাই কমান্ড। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা প্রায় এক মাস পূর্ব থেকেই পোস্টার, বিলবোর্ড, প্রচারণা, জনসংযোগ শুরু করলেও জামায়াত নির্বাচনে প্রার্থী দিচ্ছে কিনা তা নিয়ে দলীয় নেতা- কর্মীরা হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন।
তদন্তে দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।